টি-টোয়েন্টিতে ২০২১ সালের সফল ব্যাটারদের তালিকায় বাংলাদেশের দুই

২০২১ সালটা কেমন কাটল বাংলাদেশের ক্রিকেটের? নিশ্চিত ভাবেই হতাশার কথাই উঠে আসবে বেশি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা ও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হারের স্মৃতি যে এখনো তাজা।

কিন্তু পরিসংখ্যান বলবে ভিন্ন কথা। এ বছরই যেমন সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে। বছরে সবচেয়ে বেশি সিরিজ জয়ও (৬টি) এই ২০২১ সালে।

তেমনই টি-টোয়েন্টিতে এ বছর সর্বোচ্চ রান সংগ্রাহক সেরা দশ ব্যাটারের তালিকায় রয়েছেন বাংলাদেশের দুজন ব্যাটার। তারা হলেন- তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ এ বছর ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে জিতেছে ১১টিতে। নাঈম ও মাহমুদউল্লাহ খেলেছেন ২৬টি করে ম্যাচ। তিন ফিফটিতে নাঈম ৫৭৫ রান করেছেন। টি-টোয়েন্টিতে বছরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি রয়েছেন ছয় নম্বরে। যদিও তার গড় মাত্র ২৩, স্ট্রাইকরেট ১০০.৩৪।

মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান তালিকার নয় নম্বরে। ২৩.৬১ গড় ও ১০৫ স্ট্রাইক রেটে ৪৯৬ রান করেছেন তিনি। ফিফটি রয়েছে দুটি।

এ বছর টি-টোয়েন্টিতে সবচেয়ে সফল পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ২৯ ম্যাচে ২৬ ইনিংসে ১৩২৬ রান করেছেন তিনি। গড় ৭৩.৬৬, স্ট্রাইকরেট ১৩৪.৮৯। ১২টি ফিফটির সঙ্গে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি। এ বছর এক হাজার রান নেই আর কারো।

রিজওয়ানের সমান ম্যাচে ৯৩৯ রান করে তালিকার ‍দুইয়ে রয়েছেন তার স্বদেশি বাবর আজম। পরের তিন স্থানে যথাক্রমে মার্টিন গাপটিল (১৮ ম্যাচে ৬৭৮), মিচেল মার্শ (২১ ম্যাচে ৬২৭) ও জস বাটলার (১৪ ম্যাচে ৫৮৯)।