লঞ্চে অগ্নিকাণ্ড: ৭ সদস্যের তদন্ত কমিটি, ঝালকাঠি যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এ দিকে ঘটনাস্থল পরিদর্শনের উদ্দেশ্যে শুক্রবার সকালে ঢাকা ছেড়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার ভোররাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। আরও ৭০ জন দগ্ধ ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএ'র অতিরিক্ত পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান সংবাদমাধ্যমকে জানান, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করতে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি দুপুরের মধ্যে সেখানে পৌঁছবেন।

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় খালিদ মাহমুদ চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান এ কর্মকর্তা।