ক্রিকেট অপারেশন্সে আকরামের জায়গায় জালাল ইউনুস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন জালাল ইউনুস। আগে যিনি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন। আর ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন আকরাম খান।

শুক্রবার বিসিবির নতুন পরিচালনা পর্ষদের দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন হয়। যেখানে সবার আগ্রহ ছিল ক্রিকেট অপারেশন্স বিভাগ নিয়ে। কারণ, জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান ক’দিন আগে জানিয়েছিলেন, তিনি ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধানের দায়িত্ব ছাড়তে চান।

তাই বলা যায়, এই কমিটির প্রধানের পদে পরিবর্তন অনুমিতই ছিল। কিন্তু নতুন দায়িত্বে কে আসেন সে নিয়েই ছিল সবার কৌতূহল। শেষ পর্যন্ত দীর্ঘ দিন ধরে বোর্ডে থাকা অভিজ্ঞ জালাল ইউনুস পেলেন সেই দায়িত্ব। আর আকরামকে দেওয়া হলো ফ্যাসিলিটিজ বিভাগের প্রধানের দায়িত্ব।

আকরাম খান যে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব ছাড়তে চান, তা প্রথম ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান আকরামের স্ত্রী সাবিনা আকরাম। পরে আকরামও সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, পারিবারিক কারণে এই বিভাগ ছাড়তে চান তিনি। বলেছিলেন, বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

তবে বিসিবি প্রধান এরপর জানিয়ে দেন, ‘আমরা এখনো কমিটি কাউকে দেইনি, কমিটি তৈরি করিনি। কাজেই এটা ছাড়বে কি? আর যেটাতে ছিল ওটা তো শেষ। শেষ হওয়ার পর আবার ছাড়া যায় নাকি। একমাত্র জিনিস হচ্ছে অন্তর্বর্তীকালীন আকরাম চালিয়ে যাচ্ছে।’

শেষ পর্যন্ত নতুন করে বণ্টন হওয়া কমিটিগুলোর মধ্যে বড় পরিবর্তন ক্রিকেট অপারেশন্স এবং মিডিয়া বিভাগে। মিডিয়া বিভাগে জালাল ইউনুসের জায়গায় নতুন প্রধান হয়েছেন তানভীর আহমেদ টিটু।

জালাল ইউনুস নতুন দায়িত্ব পেয়ে বলেছেন, ‘ক্রিকেট পরিচালনার প্রথম কাজ জাতীয় দল সম্পর্কিত। আমি জাতীয় দলের ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই। ওটাই আমার লক্ষ্য। এখানে টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে যদি স্বাস্থ্যকর পরিবেশ থাকে, সেটা আমাদের ভালো করতে সাহায্য করবে।’