যুক্তরাষ্ট্রে হস্তান্তর

ব্রিটিশ সুপ্রিম কোর্টে অ্যাসাঞ্জের আবেদন

যুক্তরাষ্ট্রে হস্তান্তরে সায় দিয়ে চলতি মাসে যুক্তরাজ্যের হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গত বৃহস্পতিবার তিনি এ আবেদন করেন।

ইরাক-আফগানিস্তান যুদ্ধের মার্কিন সামরিক নথি প্রকাশ করেছিলেন অ্যাসাঞ্জ। ২০১০ সালে এসব নথি প্রকাশের কারণে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির ১৮টি অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এসব অভিযোগের বিচারের জন্য যুক্তরাষ্ট্র জুলিয়ান অ্যাসাঞ্জকে বেশ কয়েকবার তাদের দেশে নেওয়ার চেষ্টা করেছে। তবে কারাগারে থাকা অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য এবং যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে তার ‘আত্মহত্যার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা আদালত গত এপ্রিলে তার প্রত্যর্পণ আটকে দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গত ১০ ডিসেম্বর জয় পায় যুক্তরাষ্ট্র। 

তবে সেই রায়ের বিরুদ্ধে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অ্যাসাঞ্জ। সর্বোচ্চ আদালতে এ আপিল না টিকলে এবং হাইকোর্টের রায় কার্যকর হলে শিগগিরই অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।

অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মরিস বলেন, উচ্চ আদালতের আদেশে জনহিতকর আইনের তিনটি বিষয় তুলে ধরা হয়েছে। তাদের লিভ টু আপিল বর্তমানে হাইকোর্টে রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানুয়ারির শেষদিকে জানা যাবে।