ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা প্রান্তিক নওরোজ নাবিল এশিয়া কাপেও জ্বলছেন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। তার দুর্দান্ত সেঞ্চুরি ও মোহাম্মদ ফাহিমের ফিফটিতে নেপালের বিপক্ষে ১৫৪ রানের বিশাল জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। শারজাহতে শুক্রবার যুব টাইগাররা আগে ব্যাট করে ২৯৮ রানের লক্ষ্য দেয়। জবাবে নেপাল ১৪৩ রানে গুটিয়ে যায়। ব্যাটে রানের ফুলঝুরি ফোটানো নাবিল তিনে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলেন। ১১ চার ও ১ ছক্কায় ১১২ বলে ১২৭ রান করে থাকেন অপরাজিত। গত চার ম্যাচে এ নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি তার। সঙ্গে একটি ফিফটিও আছে। চলতি মাসেই ভারতে হওয়া তিন দলীয় টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়ের কারিগর ছিলেন গতবার যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ। ভারতের ওই আসরেই একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ‘বি’ গ্রুপের এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ইফতেখার হোসেন (২১) ও মাহফিজুল ইসলাম (১৭) পাওয়ার প্লেতে তোলেন ৩৫ রান। চারে নেমে আইচ মোল্লা ২২ রান করেন। পরের উইকেটেই ফাহিম ও নাবিল ১১৭ রানের জুটি গড়েন। ফাহিম ৫৪ বলে ৫৮ করে রিটায়ার্ড হার্ট হলেও নাবিল এগিয়ে যান। ৯৮ বলে সেঞ্চুরি পার করেন। মেহেরব শেষ দিকে ৩ চারে করেন ১৫ বলে ২১ রান।
রান তাড়া করতে নামা নেপাল ২৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায়। সেখান থেকে আর বের হতে পারেনি দলটি। ৩০ রান পার করতে পেরেছেন দুজন। বাংলাদেশের তানজিম সাকিব, নাইমুর রহমান, মেহেরব ও রাকিবুল হাসান সমান ২টি করে উইকেট নেন।