লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

শনিবার সকালে স্থানীয় গ্রাম-পুলিশ জাহাঙ্গীর হোসেন এ মামলা দায়ের করেন বলে জানান ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান।

শুক্রবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

এতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইঞ্জিন রুম থেকে লঞ্চে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

এ ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যরা শনিবার সকালে আগুনে পুড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চ পরিদর্শনে যায়। তিন তলা লঞ্চটি এখন ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো রয়েছে।