কক্সবাজারে পর্যটক ও হোটেল মালিকদের জন্য ৭ সিদ্ধান্ত

কক্সবাজারে পর্যটকদের হয়রানি বন্ধ, নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। এক মতবিনিময় সভায় শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো—

১. সব আবাসিক হোটেলে রুম বুকিং দেওয়ার সময় পর্যটকদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও ফটোকপি জমা নেওয়া বাধ্যতামূলক করতে হবে।

২. আবাসিক হোটেলে অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করা হবে।

৩. প্রতিটি হোটেলে কক্ষসংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সংবলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে।

৪. পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্প ডেস্ক স্থাপন করা হবে।

৫. প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু ও জোরদার করতে হবে।

৬. হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে।

৭. হোটেল-মোটেল মালিক সমিতি জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।

এ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি মো. রেজাউল করিম, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি আবু তাহেরসহ পর্যটনশিল্প সংশ্লিষ্টরা।