মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র কুমার সিংহ নামে মৌলভীবাজার আদালতের উপ-পুলিশ পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে জমি জোরপূর্বক দখল ও কাটা ধান লুট করে নেয়ার অভিযোগ উঠেছে।
গত ১৭ ডিসেম্বর রাতে উপজেলার আলীনগরের তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। পর দিন শনিবার জমির মালিক রঞ্জিত কুমার সিংহ কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। থানায় অভিযোগের পর পুলিশ স্থানীয়ভাবে দুপক্ষকে নিয়ে একাধিক বৈঠক করলেও কোনো সমাধান হয়নি।
এসআই পবিত্র কুমারের বাড়ি আলীনগরের তিলকপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার আদালতে কর্মরত রয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে রঞ্জিত কুমার সিংহের জমির বর্গাচাষি হিসেবে যোগিন্দ্র শব্দকর ও জিতেন শব্দকর ধান চাষাবাদ করে আসছেন। সম্প্রতি তারা জমির ধান কেটে জমিতে রাখলে গত ১৭ ডিসেম্বর শুক্রবার রাতে কেটে রাখা প্রায় ১২ মন ধান লুট করে নিয়ে যান মৌলভীবাজার আদালতের এসআই পবিত্র কুমার সিংহ।
শনিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে গেলে জমির মালিক রঞ্জিত কুমার সিংহ বলেন, তার বর্গাচাষির কাটা ধান লুট হওয়ার পরদিন তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে থানা থেকে এসআই মহাদেব বাচাড়ের নেতৃত্বে পুলিশের একটি দল সরেজমিন ঘুরে অভিযোগের সত্যতা পেয়ে সামাজিক বৈঠকে এ সমস্যার সমাধানের উদ্যোগ নেন। পরপর দুদিন এ নিয়ে বৈঠক হলেও অভিযুক্ত এসআই পবিত্র কুমারের অসহযোগিতায় কোনো সমাধান হয়নি।
তবে অভিযুক্ত আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পবিত্র কুমার সিংহ শনিবার মোবাইল ফোনে জানান, ‘এ জমির মালিক তিনি। তাই তিনি তার জমির ধান কেটে নিয়ে গেছেন।’
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচাড় বলেন, ‘জমির কাট ধান লুটে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর সরেজমিন তদন্তের সত্যতা পাওয়া গেছে। এ নিয়ে পরপর দুদিন সামাজিক বৈঠক হয়েছিল। তবে কোনো সমাধান হয়নি।’