ইউপি নির্বাচনের আগের দিন কুমিল্লায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি অভিযানকারী দল জেলার কোতয়ালী থানার গোলাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
এ সময় ২৯টি ককটেল, ৭টি রামদা, ১টি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদিসহ সাতজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- মো. হৃদয় (২২), মো. রিপন (২৮), মো. রবিউল ইসলাম (২৭), মো. জুয়েল (২৫), মো. রুবেল (২৬), ফজলুর রাব্বি (২৪), মাহমুদ উল্লাহ (২৩)।
র্যাব কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে ককটেল, দেশীয় অস্ত্র এবং বোমা তৈরির সরঞ্জামাদি মজুত করা হয়েছে।