হাসপাতাল ও ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
গতকাল শনিবার রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে চিকিৎসাসেবার নামে নৈরাজ্য বন্ধের দাবি জানানো হয়। এ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, চিকিৎসকদের ফি অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এখন অর্থ হাতিয়ে নেওয়ার মেশিনে পরিণত হয়েছে। চিকিৎসাসেবার নামে এসব অপকর্ম ও নৈরাজ্য বন্ধের দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন রাজশাহীর নেত্রী সেলিনা বেগম প্রমুখ।