ডোমারে বৃদ্ধকে পিটিয়ে হত্যা আটক ২

নীলফামারীর ডোমার উপজেলায় মজির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের সোনারায় কলোনিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একই এলাকার জাহানুর ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৩৫) ও তাদের ছেলে ফিরোজ ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ইউনিয়নের পশ্চিম হরিণচড়া কলোনিপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও মাদ্রাসার সীমানা নিয়ে স্থানীয় জাহানুর ইসলামের সঙ্গে মজির উদ্দিনের বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে জাহানুরের স্ত্রী ফেন্সি বেগম ও ছেলে ফিরোজ ইসলাম মসজিদের পাশের জমিতে ময়লা ফেলেন। মজির উদ্দিন এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর ফেন্সি বেগম ও ফিরোজ লাঠি নিয়ে এসে মজির উদ্দিনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে মজির উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ওসি সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।