সিরাজগঞ্জের শাহজাদপুরে চাচার মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইউপি নির্বাচনে এক সদস্য পদপ্রার্থী। গতকাল শনিবার ভোরে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা দক্ষিণপাড়ায় ঘটে এ ঘটনা। প্রার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ রবিবার ইউনিয়নটিতে ভোট। তবে নির্বাচনী কর্মকর্তা বলছেন, এ পদে আরও চার প্রার্থী থাকায় ভোট বন্ধ হবে না।
নরিনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক ও স্থানীয়দের ভাষ্যমতে, ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোরগ প্রতীকের সদস্য (মেম্বার) প্রার্থী সাইদুল ইসলাম (৩৭) নরিনা দক্ষিণপাড়ার মৃত আজিজুল হক সরদারের ছেলে। শুক্রবার রাতভর নির্বাচনী প্রচার শেষে গতকাল শনিবার ভোরে রাড়ি ফিরে জানতে পারেন তার চাচা ছোরমান আলী সরদার (৭৫) মারা গেছেন। এ সংবাদ শুনেই সাইদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নরিনা ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য প্রার্থী সাইদুল ইসলামের মৃত্যুর খবর পেয়েছি। ওই ওয়ার্ডে আরও চারজন সদস্য প্রার্থী রয়েছেন। ফলে নির্বাচন চালিয়ে যেতে আইনগত কোনো বাধা নেই।
উল্লেখ্য, চতুর্থ ধাপের নির্বাচনে আজ রবিবার শাহজাদপুর উপজেলার ১০টি, চৌহালী উপজেলার ৭টি ও কামারখন্দ উপজেলার ৪টি মিলে মোট ২১টি ইউনিয়নে ভোট।