২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিন। তার আগেই দুর্ঘটনায় পড়লেন এ বলিউড তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সাপে ছোবল দিয়েছে সালমান খানকে। মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই ঘটনা।
তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নাভি মুম্বাইয়ের এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি স্থিতিশীল আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়।
জানা যায়, বড়দিনের রাতে বন্ধুদের সঙ্গে খামারবাড়ির বাগানে বসে গল্প করছিলেন তিনি। তখনই হাতে ছোবল মারে সাপ।
২৭ ডিসেম্বর পরিবার ও অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন উদ্যাপন করেন ‘ভাইজান’। তবে গত বছর জন্মদিনটি খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে কাটিয়ে ছিলেন তিনি।
সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘অন্তিম’ ছবিতে। বর্তমানে চলছে ‘টাইগার থ্রি’র শুটিং। এ ছাড়া ক্যামিও রোল করছেন শাহরুখ খানের ‘পাঠান’ ও আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। এ ছাড়া সম্প্রতি ‘রাজরঙ্গি ভাইজান’ সিক্যুয়েলের ঘোষণা দিয়েছেন।