রাজধানীর পুরান ঢাকায় একটি স্কুলের নির্মাণাধীন ভবনে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর মায়ের মরদেহ পাওয়া গেছে।
সোমবার সকালে আরমানিটোলায় আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একটি নির্মাণাধীন ভবনে পারভীন বেগম নামের ওই নারীর মরদেহ পাওয়া যায়।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল এ তথ্য নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, ঢাকার সিদ্দিকবাজার এলাকায় পারভীন বেগম তিন সন্তান নিয়ে থাকতেন। তার ছোট মেয়ে এই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ছয় বছর আগে ওই নারীর স্বামী মারা যান।
মীর রেজাউল বলেন, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে রবিবার সকালে পারভীন বেগম বাসা থেকে বের হন। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্কুলের এক কর্মচারী নির্মাণাধীন ভবনের নীচতলায় তার মরদেহ দেখতে পান। মরদেহের পাশে কীটনাশকের খোলা বোতল ও ঠিকানা লেখা একটি চিরকুট পাওয়া যায়।
তিনি আরও জানান, পুলিশ ওই ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে তিনি স্কুল ভবনে ঢুকেছিলেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।