বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলা আজ

শারজায় আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বি গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ গ্রুপ সেরা নির্ধারিত হবে এই ম্যাচের জয়-পরাজয়ের মাধ্যমে। অক্টোবরে শ্রীলঙ্কায় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে তারা ভালো করতে পারেনি। প্রথম তিনি ম্যাচে হেরেই সিরিজ হেরেছিল।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে কুয়েতকে ২২৭ রানে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে তারা ১৫৪ রানে পরাজিত করে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তাই শীর্ষে বাংলাদেশ। যদিও নেপাল এবং কুয়েতকে হারানো শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রাকিবুল হাসানরা। আজ জিতলে এ গ্রুপের রানার্স আপের সঙ্গে সেমিফাইনাল খেলবে তারা। গতকাল দুবাইতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপের দ্বিতীয় হয়েছে ভারত। সবগুলো ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে আছে পাকিস্তান। ইন্টারনেট।