উপস্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু ডাক্তার নেই। একমাত্র ফার্মাসিস্টই রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এমন চিত্র মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সদরের সিংগাইর সরকারি কলেজের পাশে অবস্থিত উপস্বাস্থ্য কেন্দ্রের। জনবল সংকট, অব্যবস্থাপনা ও তদারকির অভাবে এ উপস্বাস্থ্য কেন্দ্রটির বেহাল দশা। গরিব ও অসহায় রোগীরা কেন্দ্রে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়েই ফিরে যাচ্ছেন।
উপস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, কেন্দ্রে জনবল কাঠামোতে চারটি পদ রয়েছে। একজন করে মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট ও এমএলএসএস। কিন্তু ফার্মাসিস্ট ছাড়া বাকি তিনটি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। চলতি বছর ১৭ এপ্রিল ফার্মাসিস্ট স্বপন কুমার সরকার এ কেন্দ্রে যোগদান করার পর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গোবিন্দ লাল সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ছয় মাস আগে এখানে প্রমা দাস নামে একজন মিডওয়াইফকে পোস্টিং দেওয়া হলেও মাসখানেক পরই তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট স্বপন কুমার সরকার বলেন, ‘এ কেন্দ্রে প্রতিদিন প্রায় ৭০-৮০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু ওষুধ স্বল্পতা ও জনবল সংকটের কারণে প্রতিনিয়তই আমাকে চাপ সামলাতে হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা কবির বলেন, ‘অনেক ডাক্তার প্রেষণে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। এগুলো বাতিল করে সরকার যদি মেডিকেল অফিসার দেয় তাহলে স্বাস্থ্য কমপ্লেক্স চালিয়ে উদ্বৃত্ত থাকলে আমি উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দিতে পারব।’