ইংল্যান্ডকে উড়িয়ে অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া

মেলবোর্ন টেস্টে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। ধরে রাখল অ্যাশেজের বিখ্যাত ‘ছাইদানি’।

মঙ্গলবার বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন সকালেই আত্মসমর্পণ করে সফরকারী ইংল্যান্ড। ইনিংস ও ১৪ রানের জয় অজিদের। সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ নিশ্চিত করল স্বাগতিকেরা।

আগের দিনের ৪ উইকেটে ৩১ রান নিয়ে নতুন দিন শুরু করে ইংল্যান্ড। এ দিন মাত্র ৮১ মিনিট খেলা হয়েছে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৬৮ রানে।

অভিষিক্ত স্কট বোল্যান্ড ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন।

মেলবোর্নের অস্ট্রেলিয়া সমর্থকদের সামনে ইংল্যান্ড পারেনি প্রতিরোধ গড়তে। অতিথি দলটি শেষ পাঁচ উইকেট হারিয়েছে ৩০ বলের মধ্যে। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন জো রুট।

ইংল্যান্ডের এই ৬৮ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়ার মাটিতে ১৯০৪ সালের পর তাদের সর্বনিম্ন। সব মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাদের নবম সর্বনিম্ন স্কোর।

ব্রিজবেনে প্রথম টেস্ট ৯ উইকেটে জেতার পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ২৭৫ রানে জিতেছিল অজিরা। সিডনিতে ৫ জানুয়ারি শুরু হবে চতুর্থ টেস্ট। ১৪ জানুয়ারি থেকে পঞ্চম ও শেষ টেস্ট হবে হোবার্টে।