কলাপাড়ায় বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবক খুন

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. বসির হাওলাদার (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক ওই গ্রামের জব্বার হাওলাদারের ছেলে। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, নিজ বাড়ির সামনে বশির হাওলাদার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার বুকের বাম দিকে ও বাম হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে পূর্ব শত্রুতা না অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।