বিএনপির সমাবেশ স্থলে যুবলীগের কর্মীসভা: ১৪৪ ধারা

ফেনীর ওয়াপদা মাঠে বুধবার বিএনপির সমাবেশ স্থলে পাল্টা কর্মীসভা ডেকেছে জেলা যুবলীগ। মঙ্গলবার রাত ১০টায় বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফেনীতে মঙ্গলবার দুপুর ২টা থেকে বিএনপির সমাবেশ করার কথা ছিল। ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে জেলা বিএনপির পূর্বঘোষিত জনসভা স্থগিত করা হয়। 

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বিষয়টি জানান, সোমবার সন্ধ্যার সময় সমাবেশ করার মৌখিক অনুমতি মেলে প্রশাসন থেকে। ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের পাশে ওয়াপদা মাঠে সমাবেশের মঞ্চ তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়। যথারীতি শহরে মাইকিং, মঞ্চ তৈরির কাজ পুরোদমে শুরু হয়। 

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ওয়াপদা মাঠের সমাবেশ স্থলে মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। সমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার রাতে হঠাৎ করেই ওয়াপদা মাঠে বিএনপির সমাবেশস্থলে পাল্টা সমাবেশ ডেকেছে যুবলীগ।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, উক্ত স্থানে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্যকারণে তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মী সমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশে প্রধান অতিথির হিসেবে থাকার কথা ছিল দলের স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের সমন্বয়ক মাহবুবুর রহমান শামীম।