সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯৭ রানেই গুটিয়ে দিয়েছে ভারত। সুবাদে প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছে বিরাট কোহলির দল।
মঙ্গলবার ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩২৭ রানে। পরে প্রোটিয়াদের দুই শর আগেই অলআউট করে দলটি। দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ১৬ তুলে দিন শেষ করেছে কোহলিরা। এখন পর্যন্ত ১৪৬ রানের লিড পেয়েছে অতিথিরা।
লোকেশ রাহুল (৫*) ও শার্দুল ঠাকুর (৪*) বুধবার নতুন দিনের ব্যাটিং শুরু করবেন। আউট হওয়া একমাত্র ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল (৪)।
প্রোটিয়াদের ইনিংসে সর্বোচ্চ স্কোর তেম্বা বাভুমার। ১০৩ বলে ১০ চারে ৫২ রান করেন তিনি। ভারতের পক্ষে শামি ১৬ ওভারে ৪৪ রান খরচায় ৫ উইকেট নেন। চোট নিয়ে মাঠ ছাড়ার আগে জাসপ্রিত বুমরাহ ৭.২ ওভারে ১৬ রান খরচায় নেন ২ উইকেট। এ ছাড়া শার্দুল ঠাকুর ২টি ও মোহাম্মদ সিরাজ পেয়েছেন ১ উইকেট।
প্রথম দিন ৩ উইকেটে ২৭২ রানে দিন শেষ করেছিল ভারত। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন কোনো খেলা হতে পারেনি। তৃতীয় দিনে ভারত তাদের বাকি ৭ উইকেট হারিয়ে ৫৫ রান তুলতে পারে।
সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল আগের দিনের সঙ্গে আর এক রান যোগ করতে পেরেছেন। সর্বোচ্চ ১২৩ রান করেন তিনি। ৪০ রানে দিন শুরু করা আজিঙ্কা রাহানে থামে ৪৮ রানে।
প্রোটিয়াদের পক্ষে লুঙ্গি এনগিদি ৭১ রান খরচায় ৬ উইকেট নেন। কাগিজো রাবাদা ৭২ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।