প্রস্তুতি ম্যাচে মুশফিক-মাহমুদুলের ফিফটি

ড্র হয়েছে নিউজিল্যান্ড একাদশ ও বাংলাদেশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ। সফরকারীদের জন্য স্বস্তি, হেসেছে মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়ের ব্যাট। দু’জনে করেছেন সমান ৬৬ রান।

বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৭ উইকেটে ১৪৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড একাদশ। এরপর ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশ। ড্রয়ের সময় সফরকারীরা এগিয়ে ছিল ১২৩ রানে।

বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচটির প্রথম দিনে খেলা হয় ২৭.৩ ওভার। তবে বুধবার দ্বিতীয় দিনে পুরোটা খেলা হয়। ৫ উইকেটে ৭১ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড একাদশ।

দ্বিতীয় দিনে পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেয় বাংলাদেশ। তার পরিবর্তে স্পিনারদের বোলিং অনুশীলন করানো হয়। সুযোগটা কাজে লাগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। থিতু হওয়া দুই কিউই ব্যাটার ভুলা (৫৭) ও আভিকে (৩৩) ফেরান এই অফ স্পিনার।

বাংলাদেশের স্কোরবোর্ডে প্রথম রান জমা হওয়ার আগেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন ওপেনার মাহমুদুল।

দ্বিতীয় উইকেটে ভাঙে দুজনের ৫০ রানের জুটি। ৫৩ বলে ২৭ রান করে বিদায় নেন শান্ত। দলীয় ৮২ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল হক (৯)।

সতীর্থরা ব্যর্থ হলেও ফিফটি তুলে নেন মাহমুদুল। ১৩১ বলে ১১টি চারের সহায়তায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। মুশফিক ৯১ বলে করেন ৬৬ রান। এছাড়া ৪১ রান আসে লিটন দাসের ব্যাট থেকে।