মৃত্যু কমলেও বিশ্বজুড়ে সাত দিনে করোনা শনাক্তে রেকর্ড

বিশ্বজুড়ে সাত দিনে করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৯ লাখ ৩৫ হাজার মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলছে, গত সপ্তাহে সারা বিশ্বে রেকর্ড করা করোনা শনাক্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে আমেরিকা অঞ্চলে। সেখানে অক্টোবর থেকে ধীরে ধীরে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রবণতা শুরু হয়।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ২০১৯ সালে করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর থেকে রোগী শনাক্তের রেকর্ড এটা। প্রতিটি দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ দৈনিক করোনা শনাক্তের যে তথ্য দেয়, তার ভিত্তিতে এ পরিসংখ্যান বের করা হয়েছে।  

২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ৬৫ লাখ ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগী শনাক্তের সংখ্যা থেকে বোঝা যায়, এটি অনেক দ্রুত ছড়াচ্ছে। এর আগের সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শনাক্ত ৩৭ শতাংশ বেড়েছে। এর আগে করোনা শনাক্তের রেকর্ড হয়েছিল ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে। ওই সময়ে এক সপ্তাহে দৈনিক গড়ে ৮ লাখ ১৭ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছিল।

বিশ্বজুড়ে গত অক্টোবরের মাঝামাঝি থেকে করোনার সংক্রমণ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য এই ভাইরাসের শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দেওয়া এবং অমিক্রন ধরনটির অতি সংক্রমণশীলতার কথা বলেছে। তবে অমিক্রন সংক্রমণ বাড়লেও করোনায় মৃত্যু বাড়েনি। তিন সপ্তাহ ধরে করোনায় মৃত্যু কমছে।

গত এক সপ্তাহে বিশ্বে করোনায় দৈনিক গড়ে ৬ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের অক্টোবর মাসের পর থেকে সর্বনিম্ন। এ বছরের ২০ থেকে ২৬ জানুয়ারি করোনায় দৈনিক গড়ে ১৪ হাজার ৮০০ জনের মৃত্যু দেখেছে বিশ্ব।

বর্তমানে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ঘটছে ইউরোপে। গত সপ্তাহে সেখানে ৩৫ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। দৈনিক গড়ে ৫ লাখ ১০ হাজার রোগী শনাক্ত হয়েছে। করোনার আগের ঢেউয়ের সময় এ মহাদেশে কখনো দৈনিক গড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হয়নি।

ইউরোপের যে দেশগুলোয় সংক্রমণের রেকর্ড হয়েছে, সেগুলোর অন্যতম ইতালি। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার মানুষ। মারা গেছেন ১৭৫ জন। গ্রিসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার। মারা গেছেন ৬১ জন। পর্তুগালে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার। মারা গেছেন ১৯ জন।

বিবিসির খবরে বলা হয়েছে, ফ্রান্সে যে সংক্রমণ শনাক্ত হয়েছে, তা এখন পর্যন্ত ইউরোপের যেকোনো দেশের তুলনায় বেশি। ফ্রান্সে মঙ্গলবার ১ লাখ ৭৯ হাজারের বেশি মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে এক দিনে এত সংক্রমণ শনাক্ত হয়নি দেশটিতে। এর আগে এক দিনের ব্যবধানে কোনো দেশেই এত বেশি রোগী শনাক্ত হয়নি।

দুই বছর আগে করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বজুড়ে ২৮ কোটি ২০ লাখের বেশি মানুষের এই ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৫৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, প্রকৃত মৃত্যু আরও দুই থেকে তিন গুণ হতে পারে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যে নতুন করে ১ লাখ ২৯ হাজারের বেশি মানুষের সংক্রমণ ধরা পড়েছে। মারা গেছেন ১৮ জন।

এদিকে ইউরোপের আরেক দেশ জার্মানিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩০ হাজার। মারা গেছেন ৪৪৮ জন। স্পেনে মারা গেছেন ১১৪ জন, নতুন রোগী শনাক্ত হয়েছে ৯৯ হাজারের বেশি।

ইউরোপে দেশগুলোর মধ্যে রাশিয়ায় এক দিনের ব্যবধানে মৃত্যু সবচেয়ে বেড়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজারের বেশি মানুষ।

দুই বছর আগে করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বজুড়ে ২৮ কোটি ২০ লাখের বেশি মানুষের এই ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৫৪ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, প্রকৃত মৃত্যু আরও দুই থেকে তিন গুণ হতে পারে।