উন্নয়ন সূচকে দেশ এগিয়ে গেলেও মানবাধিকার পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে বলে দাবি করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেছেন, ‘মানবাধিকার উন্নয়নে সরকার কেবলই গলাবাজি করছে। কোনো কাজ করছে না।’
গত মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’ ও ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সুলতানা কামাল।
তিনি বলেন, ‘সন্ত্রাস দিয়ে সন্ত্রাস দমন করা যায় না, তা আমরা ২০০৪ সাল থেকেই বলে আসছি। এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শুধু কয়েকজন কর্মকর্তা নয়, সরকারের ওপরেও বর্তায়। কারণ রাষ্ট্রের নির্দেশে এসব ঘটেছে বলে এখন পর্যন্ত সরকার দায় স্বীকার করেনি।’
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুলতানা কামাল বলেন, ‘বিএনপি বঙ্গবন্ধু হত্যার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। জিয়াউর রহমান প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে উঠে আসছে।’