ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
নতুন বছরের শুরু থেকে জমাট সূচি আফগানদের। জানুয়ারিতে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এরপর তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে আফগানিস্তান।
ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানরা। তবে ‘ওয়ার্কলোড’ বা অত্যধিক কর্মভারের কারণে টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে উদ্বিগ্নতা রয়েছে। বাংলাদেশ সফরে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি সিরিজ স্থগিতের ব্যাপারেও জল্পনা-কল্পনা চলছে।
তবে নিজামউদ্দিন চৌধুরী এই উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, ‘সিরিজ যেমনই আছে তেমনই থাকবে। আমরা ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করছি।’
বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত আফগানিস্তানের কাছ থেকে নেগেটিভ কোনো কিছু শুনিনি এবং আমরা আশাবাদী, মূল সূচিতে এই সিরিজ চলবে।’
এদিকে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই সিরিজ হচ্ছে না। মিরপুরের পরিবর্তে চট্টগ্রাম ও সিলেটে হবে দুই দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। স্পিন-বান্ধব বিধায় শেরে বাংলা স্টেডিয়াম থেকে এই সিরিজ সরিয়ে নেওয়া হচ্ছে বলে মনে করছেন অনেকে।
আইসিসি সুপার লিগের অংশ হিসেবে তিন ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারিতে হবে ৫০ ওভারের এই সিরিজ। এরপর দুই দল যাবে সিলেটে। সেখানে ২ ও ৪ মার্চ দুটি টি-টোয়েন্টি খেলবে তারা।