ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আবার করোনার প্রকোপ শুরু হওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে ১৪৪ ধারা জারি করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। খবর এনডিটিভির। গত বুধবার শুধু মুম্বাইয়ে ২ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়। পুরো রাজ্যে ওমিক্রন শনাক্ত হয় ৩৮ জনের। তাদের কেউই সম্প্রতি বিদেশফেরত নন।
করোনার বিস্তার ঠেকাতে মহারাষ্ট্র সরকার গতকাল থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি করেছে। সরকার বলছে, এবার নতুন বছর উপলক্ষে মুম্বাইয়ে কোনো পার্টির আয়োজন করা যাবে না। রেস্তোরাঁ, পাব, আবাসিক হোটেল, পানশালা, ক্লাব ও রিসোর্টগুলোয় জনসমাগম করা যাবে না।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন, ‘আক্রান্ত মানুষের সংখ্যা ভয়ংকর গতিতে বাড়ছে। এখন শনাক্তের হার ৪। এটা ৫ শতাংশে গিয়ে ঠেকলে দিল্লির মতো নানা নিষেধাজ্ঞা জারি করা হবে। তাই সবাইকে আরও বেশি সাবধান হতে হবে।’
এদিকে ভারতের রাজধানী নয়া দিল্লিতে করোনার ওমিক্রন ধরনে সংক্রমিত কোনো রোগীকে এখন পর্যন্ত অক্সিজেন দিতে হয়নি বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন।
তিনি বলেন, ‘দিল্লিতে গত মঙ্গলবার নতুন করে ৪৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্ত ১ শতাংশের মতো। আন্তর্জাতিক ফ্লাইট আসার কারণে সংক্রমণ বেড়েছে। তবে ওমিক্রনে সংক্রমিত কোনো রোগীকে এখন পর্যন্ত অক্সিজেন দিতে হয়নি।’
ভারতে ওমিক্রন শনাক্তের দিক দিয়ে দিল্লি শীর্ষে। দেশটিতে এখন পর্যন্ত ৭৮১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৩৮ জনই দিল্লির। তাদের মধ্যে ৫৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চিকিৎসাধীন সময়ে তাদের কাউকে অক্সিজেন দিতে হয়নি।