শ্রীপুরে দেয়ালে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে দেয়ালে রং করতে গিয়ে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। দেয়ালঘেঁষা বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার বেলা ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় আজাদ কমপ্লেক্স নামের একটি বাণিজ্যিক ভবনে এ দুর্ঘটনা ঘটে।

ঘণ্টাখানেক মইয়ে ঝুলে ছিল মরদেহ। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ নামিয়ে আনে।

মারা যাওয়া ব্যক্তির নাম দুলাল মিয়া (৪০)। তিনি তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, গত কয়েক দিন ধরে মাওনা চৌরাস্তায় রঙের কাজ করছিলেন দুলাল। মাওনায় আজাদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দেয়ালে রং করতে গিয়ে দেয়ালঘেঁষা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে দুলাল। বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। বৈদ্যুতিক স্পর্শে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে নিশ্চিত হয়েছি। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, আমরা পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।