নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার বাউশাম এলাকা হতে ৩১ লাখ ৮৯ হাজার পাঁচশ’ টাকা মূল্যমানের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে- তিন হাজার ছয়শ’ পিস ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, আট হাজার একশ’ পিস স্কীন শাইন ক্রিম, তিন হাজার দেড়শ’ পিস কিটকাট চকলেট ও ৫২০ পিস ডার্ক চকলেট।
তবে এ অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক এএসএম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, কলমাকান্দার খারনৈই বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) হাবিলদার মো. শামসুর রহমানের নেতৃত্বে আট সদস্যের টহল দল দায়িত্ব পালন করছিলেন। নিজস্ব গোয়েন্দা তথ্যে সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক দুই কি.মি. বাংলাদেশে অভ্যন্তরে বাউশাম নাম স্থানে ফাঁদ পেতে থাকে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ভারতের দিক থেকে মালামাল নিয়ে চোরাকারবারিদের আসতে দেখে টহলদলটি।
এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ওই স্থান হতে ৩১ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যমানের ভারতীয় পণ্য জব্দ করে টহল দলটি।