নাটোরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর

নাটোরের গুরুদাসপুরে মশিন্দা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারীর (ঘোড়া) নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে বিচ্ছিন্নভাবে তার চারটি অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল বারী।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৮ থেকে ১১ টার মধ্যে মশিন্দা ইউপির ৬, ৯ ও ১ নম্বর ওয়ার্ডে বিচ্ছিন্ন ভাবে নৌকার সমর্থকেরা এসব অফিস ভাঙচুর করে। নৌকার নির্বাচনী শোডাউন দিয়ে ৯ নম্বর ওয়ার্ডের রানীগ্রামের স্বতন্ত্র প্রার্থীর অফিসের কাছে অবস্থান করেন। এ সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করেন। এ সময় ঘোড়া প্রতীকের পোস্টারও ছেঁড়া হয়।

১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন জানান, রানীগ্রামের অফিস ভাঙচুরের পর রাত প্রায় ১১টার দিকে পশ্চিম চরপাড়ায় আরও একটি অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী সমর্থক হাফিজুলকে মারধর করেন নৌকার সমর্থকেরা।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল বারী অভিযোগ করে বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকার সমর্থকেরা অফিস ভাঙচুর করেছেন।

এ ঘটনায় তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা নিজেদের অফিস নিজেরাই ভেঙে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয় আমরা সতর্ক রয়েছি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।