দিনাজপুর ও ময়মনসিংহ

৮ দফা দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও গণমাধ্যমকর্মী আইন পাসসহ ৮ দফা দাবিতে দিনাজপুর ও ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার স্ব স্ব জেলা সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।

দিনাজপুর শহরের মডার্ন মোড়ে গতকাল দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিষ্টের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ও দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিএফইউজে ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) আইন দ্রুত পাস, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন, সব প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা নিয়মিত প্রদান ও বকেয়া পরিশোধ করা, জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করা, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত, ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা/পেনশন চালু এবং সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করা।

এদিকে গতকাল দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)। এমইউজে সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এমইউজে সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেস ক্লাব সম্পাদক বাবুল হোসেন, হারুনুর রশিদ, হোসাইন শাহীদ, রাকিবুল হাসান রুবেলসহ অন্য নেতারা।