দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৭০ জন এবং মারা গেছে চারজন। এর আগের দিন গত শুক্রবার শনাক্ত হয়েছিল ৫১২ জন। সেদিন মৃত্যু হয়েছিল দুজনের। সবশেষ
২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ৩৩৩ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক মোট শনাক্তের ৯০ শতাংশ। এ সময়ে দেশের ৪০ জেলায় কারও শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েনি।
গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে রোগী শনাক্ত হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ। এর আগের দিন এ হার ছিল ২ দশমিক ৭৪ শতাংশ। এক দিনে ১৫ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৬ হাজার ৭০২টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নতুন শনাক্ত রোগী নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় দুজন, গাজীপুর ও ফরিদপুর জেলায় একজন করে রয়েছে। বাকি ৬১ জেলায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশের আট বিভাগে করোনায় মারা গেছে ২৮ হাজার ৭৬ জন। করোনার এ মহামারীতে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম মৃত্যু হয়েছে।