হালদায় অভিযানে ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযানে উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে ২টি ও রামদাশহাট মুন্সিরহাট সুইসগেটের কাছ থেকে ১টি ঘেরা জালসহ মোট ২ হাজার মিটার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, হালদা নদীর উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে ২টি ও রামদাশহাট সুইসগেটের কাছ হতে ১টি ঘেরা জালসহ জব্দ করা হয়।

জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য ২ হাজার মিটার। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে তৎপরতা চালিয়ে উল্লিখিত দুটি পয়েন্টের জাল উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ইউএনও মো. শাহিদুল আলম জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান কিংবা নজরদারি রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।