নারায়ণগঞ্জে ফের প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলা

নারায়ণগঞ্জ ফতুল্লায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হামলার ভিডিও দেখা গেছে। সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত সেই ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত এক যুবক তার হাত ব্যাগ থেকে পিস্তল বের করে আতঙ্ক সৃষ্টি করছে। ওই সময় তার বাহিনী লাঠিসোঁটা নিয়ে আশপাশের মানুষের ওপর হামলা করে।

সিসিটিভি ভিডিও ফুটেজ বিষয়ে জানা গেছে, কয়েক দিন আগে ফতুল্লায় মধ্য ইসদাইর গাবতলি এলাকার উচ্ছৃঙ্খল যুবকরা হামলা করে। ওই সময় তারা রাস্তায় নির্বিচারে যাকে পেয়েছে তাকেই মারধর করেছে। একপর্যায়ে এলাকার লোকজন হামলাকারীদের বাধা দিতে গেলে পিস্তল উঁচিয়ে ওই যুবক আতঙ্ক সৃষ্টি করে।

ফতুল্লার মধ্য ইসদাইর এলাকার বাসিন্দা হুমায়ুন মিয়া জানান, পিস্তল উঁচিয়ে আতঙ্ক সৃষ্টিকারী যুবকের নাম আবু কালাম। তিনি গাবতলি এলাকায় কিশোর গ্যাং লিডার। এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। রহস্যজনক কারণে পুলিশ এ ঘটনা জেনেও নীরব রয়েছে।

প্রসঙ্গত, এর আগেও নারায়ণগঞ্জের পাগলা এলাকায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।

এ ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান বলেন, আমাদের কাছে এমন কোনো খবর আসেনি। কেউ লিখিত অভিযোগও করেনি। করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কাকে অভিযোগ জানিয়েছে, আমিতো জানি না।