দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্কুলে ভর্তি হয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার মাকড়াই কমরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ বন্ধু হলেন- বীরগঞ্জ উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)।
স্থানীয়দের বরাত দিয়ে বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, দুপুরে কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে শাহরিয়ারের বাবার মোটরসাইকেলে ৩জন বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে পণ্যবাহী একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, ট্রাকটি আটক করতে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এদিকে রবিবার সকালে জেলার বিরামপুর উপজেলার পৌর শহরের দোয়েল মোড়ে পিকআপের চাপায় রজিব উদ্দিন (৬২) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছে।
বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের মৃত ছইমুদ্দিনের বাসিন্দা রজিব কাটলা বাজারে সবজির ব্যবসা করতেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে রজিব পৌর শহরের কাঁচা বাজার থেকে ব্যবসার জন্য সবজি নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে দিনাজপুর-গোবিন্দ গঞ্জ মহাসড়কে দোয়েল মোড় এলাকায় পিকআপভ্যানের চাপায় ঘটনাস্থলেই মারা যান। রজিব উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।