ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আয়ুবুর রহমানের মৃত্যুতে গতকাল রবিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে ঢাকার নিম্ন আদালত। ঢাকা আইনজীবী সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।
গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়ুবুর রহমান।
গতকাল বেলা ১১টায় ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা হয়। তাকে গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার অ্যাসোসিয়েট অ্যাডভোকেট সেলিম হোসেন।
ঢাকা বারের আজীবন সদস্য ও কার্যনির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক আয়ুবুর স্ত্রী ও কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের অধিবাসী।