মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি আগামী ৫ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটির চার্জ শুনানির দিন ধার্য ছিল। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়ুবুর রহমানের মৃত্যুতে বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় আদালত শুনানির জন্য নতুন এ দিন ঠিক করে।
গতকাল দুপুর সোয়া ১২টায় আদালতে হাজির হন পরীমণিসহ মামলার অপর দুই আসামি। অন্য দুজন হলেন আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। দুপুর পৌনে ১টার দিকে তারা আদালত ছেড়ে যান। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুবুল হাসান এসব তথ্য জানান। এর আগে ১৪ ডিসেম্বর চার্জ গঠনের শুনানির নির্ধারিত দিনে অসুস্থ থাকায় পরীমণি আদালতে উপস্থিত হননি। তার আইনজীবীর সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করে গতকাল শুনানির দিন রেখেছিল আদালত।