আওয়ামী লীগ প্রার্থীর হুমকি

নৌকায় ভোট না দিলে মাঠেও ঢুকতে দেব না

ভোট দিতে হলে নৌকায় সিল মেরে দেখাতে হবে। তা না হলে কাউকে ভোট কেন্দ্রের মাঠেও ঢুকতে দেওয়া হবে না। রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ কর্মীদের এ নির্দেশনা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে বানেশ্বর ইউনিয়নে এক নির্বাচনী প্রচারণায় এ নির্দেশনা দেন আবুল কালাম আজাদ। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালেচনা চলছে।

ওই নির্বাচনী সভায় আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপি ভোট বর্জন করেছে। ভোট বর্জন করার পরে আওয়ামী লীগের সঙ্গে চোট্টাপনা করার জন্য অনেকে অনেক কিছু সেজে বসে আছে। স্বতন্ত্র প্রার্থী হলেও তারা বিএনপিরই ঢাল। তাই আমি বলব, আপনারা খোঁজ রাখবেন, কার বাড়িতে স্বতন্ত্র প্রার্থী ঢুকছে তার তালিকা করবেন। নির্বাচনের পর আমি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘ওরা ভোটকেন্দ্রে গেলে সোজা কথা নৌকায় সিল মেরে দেখাতে হবে। তাহলেই তারা ভোট দিতে পারবে। না হলে কেন্দ্রের মাঠেও ঢুকতে দেওয়া হবে না।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে আবুল কালাম আজাদ বলেন, ‘এখানে অন্য প্রার্থীরা আমার বিরুদ্ধে অনেক কথাই বলছেন। যোগ্যতাই বলে দেবে নৌকা নাকি অন্য প্রার্থী বিজয়ী হবে। আমি এসব কথা কেন বলতে যাব? কেউ হয়ত ক্লিপ করে ছড়িয়ে দিয়েছে।’

বানেশ্বর ইউনিয়নে ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ ছাড়াও ওয়ার্কার্স পার্টি থেকে মামুনুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা আবদুর রাজ্জাক দুলাল।