বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথম বোলার হিসেবে অভিষেকে তিন উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন।
প্রথম ওভারে করতে এসেই চার বলে অ্যাডিলেড স্ট্রাইকার্সের তিন উইকেট নিয়ে সিডনি থান্ডারকে ২৮ রানের জয় এনে দেন এই ২১ বছর বয়সী পেসার।
সিডনির দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল অ্যাডিলেড। দলের রান যখন বিনা উইকেটে ২৫ তখন বোলিংয়ে আসেন হাসনাইন। আর এসেই হ্যাটট্রিকের আশা জাগিয়ে সাজঘরে ফেরান ম্যাথিউ শর্ট, জ্যাক হুইটারাল্ড ও জোনো ওয়েলসকে।
অ্যাডিলেড থামে ১৪৪ রানে। ২৮ রানে ম্যাচটি জিতে নেয় সিডনি। এর আগে ম্যাচ সেরা হওয়া ম্যাট গিল্কেসের ৫৭ বলে ৯৩ রানের ঝোড়ো ইনিংসে সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে ৭ উইকেটে ১৭২ রান করে সিডনি।
ম্যাচটিতে ৪ ওভারে এক মেইডেনে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন হাসনাইন। ২০১৯ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। পাকিস্তানের হয়ে ১৮ টি-টোয়েন্টির পাশাপাশি ৮ ওয়ানডে খেলেছেন হাসনাইন।