পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৩ ঘণ্টা পর আবার গ্রেপ্তার

বরিশালে গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় হাতকড়া ও পুলিশের ওয়্যারলেস ছিনতাই করা হয়।

তবে অভিযান চালিয়ে তিন ঘণ্টা পর ছিনিয়ে নেওয়া আসামি ও ওয়্যারলেস উদ্ধার করে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের স্পিডবোট ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্পিডবোট ঘাট সংলগ্ন একটি রেস্তোরাঁয় পিকনিক চলছিল স্থানীয় কিছু যুবক ও স্পিডবোট মালিক সমিতির উদ্যোগে। 

রাত সাড়ে ১০টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি টিম ওই পিকনিকে উপস্থিত একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শহীদুলকে গ্রেপ্তারে অভিযান চালায়। 

ওই সময় পিকনিক থেকে শহীদুলকে গ্রেপ্তার করা হলে স্থানীয় যুবক তারেকসহ ৫০/৬০ জনের একটি দল পুলিশকে ঘেরাও করে শহীদুলকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। হামলার চেষ্টা করা হয় পুলিশের ওপরেও।

খবর পেয়ে ঘটনাস্থলে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় ওই যুবকদের লাঠিপেটা করে। এরপর হাতকড়াসহ পলাতক শহীদুলকে ও ছিনিয়ে নেওয়া যুবকদের খুঁজতে এলাকাজুড়ে অভিযান পরিচালনা করে।

ঘটনার প্রায় তিন ঘণ্টা পর শহীদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভূইঞা বলেন, যে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তাকে হাতকড়াসহ গ্রেপ্তার করা হয়েছে। যারা ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের আটকেও অভিযান পরিচালনা করা হচ্ছে।