নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে গোয়েন্দা সংস্থার লোক পরিচয়ে চাঁদা দাবি করা সেই যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ তাকে আটক করে।
আটক যুবকের নাম মো. সুমন (৩৬)। তিনি কুমিল্লা এলাকার বাসিন্দা বর্তমানে রাজধানীর রাজারবাগ এলাকায় বাস করেন। মো. সুমন নব মুসলিম বলে জানায় ডিবি পুলিশ।
তৈমূর আলম খন্দকার অভিযোগে উল্লেখ করেন, তিনি আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী। গত কয়েক দিন ধরে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে (০১৬১৮-৭৪৪১১১) একটি মোবাইল নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বরে ফোন দিয়ে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে।
তৈমূর আলম বলেন, বিষয়টি বিব্রতকর। কিন্তু আমি এতটাই ডিস্টার্ব হচ্ছিলাম যে, বিষয়টি পুলিশকে না জানিয়ে পারছিলাম না। তাই লিখিতভাবে পুলিশকে ঘটনাটি অবহিত করে রেখেছি।
আজ দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ প্রশাসন কাজ শুরু করে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে আটক করতে সক্ষম হই। প্রাথমিক অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, এ ব্যাপারে তৈমূর আলম খন্দকারের নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট বোরহানউদ্দিন সরকার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।