খাল-নালার তলদেশ কংক্রিটে বাঁধাই না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যে কোনো ধরনের উন্নয়ন বা সংস্কার কাজে খাল কিংবা নালার তলদেশ কংক্রিটে বাঁধাই না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা জানান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি নিজেই এটা জানতাম না। আমি চট্টগ্রামে চাকরি করেছি। চট্টগ্রামের চাক্তাই খাল এবং অন্যান্য অনেক খাল প্রায়ই আলোচনায় আসে। নদীর পানি ঢুকে বের হতে পারে না। কোনো এক সময় আমরা কেউ একজন নাকি ছোট ছোট খালের নিচে বাঁধাই করে দিয়েছিলাম।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এম এ মান্নান বলেন, এটা করে সর্বনাশ হয়েছে। পানি উপর থেকে নিচে যেতে পারে না। উপচে শহরে ঢোকে। এটা কীভাবে হলো কাণ্ডজ্ঞানহীন কাজ!

তিনি বলেন, পানি তো শুধু বাইরে যাবে না, নিচেও যাবে। এটা প্রধানমন্ত্রী খেয়াল রাখতে বললেন- খবরদার আপনারা নালা বা খালের তলদেশ সিমেন্ট কংক্রিটে বাঁধাই করবেন না। সেচের জন্য যেটা করে সেটা ঠিক আছে, পানিটা রক্ষা করতে চায়। এটা তো সেচ নয়, বন্যা নিয়ন্ত্রণ। সুতরাং এখানে নিচে খালি রাখতে হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় ১১ হাজার ২১১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পুরো টাকা সরকারি কোষাগার থেকে জোগান দেওয়া হবে।