লোহাগাড়ায় অভিযান

অবৈধভাবে মাটি কাটায় ৭ ট্রাক, ১টি এক্সকেভেটর জব্দ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলার বড়ুয়াপাড়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত মাটিবোঝাই সাতটি ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করেছে। গতকাল মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা।

উপজেলার পুটিবিলা ইউনিয়নের বড়–য়াপাড়ায় এমচর হাট খালের পাশ থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল প্রভাবশালীরা। গতকাল অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাটিবোঝাই সাতটি ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়।

মাসুদ রানা জানান, মাটি পাচারকারীরা পুটিবিলার বড়ুয়াপাড়া এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল। এছাড়া পাশর্^বর্তী ডলু খাল থেকে বালু উত্তোলন করে দীর্ঘদিন থেকে পাচার করছিল। এতে খালের ভাঙন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি ফসলি জমির ওপরের অংশ বিক্রি করা হচ্ছে। ফলে উর্বরতা হারাচ্ছে কৃষিজমি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতু জানান,  এ ধরনের অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।