সরকারি সম্পত্তি আত্মসাৎচেষ্টা

গোল্ডেন মনিরসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজধানীর বাড্ডায় সরকারের পুনর্বাসন প্রকল্পের ৭০টি প্লট আত্মসাৎচেষ্টার অভিযোগে ‘সোনা চোরাকারবারি’ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. শফিউল্লাহ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন। দুদকের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, বেশ কিছু দিন আগে কমিশন মামলাটির অনুমোদন দিয়েছিল।

মামলার অন্য আসামিরা হলেন  রাজউকের উপপরিচালক মো. দিদারুল আলম, সাবেক সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-১) নাসির উদ্দিন শরীফ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (এস্টেট ও ভূমি-১) আনোয়ার হোসেন, ঊর্ধ্বতন হিসাব সহকারী (নিরীক্ষা ও বাজেট শাখা) এস এম তৌহিদুল ইসলাম, কার্য তদারককারী (মান-২, এস্টেট ও ভূমি-১) আলাউদ্দিন সরকার, পিয়ন পারভেজ  চৌধুরী, সিরাজগঞ্জের রায়গঞ্জের মোহাম্মদ আলী জিন্নাহ ও নারায়ণগঞ্জের ফতুল্লার নাসির উদ্দিন খান।

মামলার অভিযোগে বলা হয়েছে, গোল্ডেন মনির জালিয়াতির মাধ্যমে বাড্ডা পুনর্বাসন প্রকল্পের ৭০টি প্লট আত্মসাতের চেষ্টা করেছিলেন। রাজউকের প্রধান কার্যালয়ের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে ৭০টি ফাইল প্রধান কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছিল রাজউক এনেক্স ভবনের ৫১৪ কক্ষে। এই কক্ষে বসেই জাল কাগজপত্র তৈরি করে প্লটগুলো আত্মসাতের চেষ্টা করেন তিনি।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ২০১৭ থেকে ২০১৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই সব ফাইল সরিয়ে ফেলেন। অফিশিয়ালি নথি মুভমেন্ট রেজিস্টারে না পাঠিয়ে সরকারি নথিপত্র কৌশলে সরিয়ে ও বিভিন্ন কর্মকর্তার সিল তৈরি করে, জাল জালিয়াতির মাধ্যমে বেআইনিভাবে ভুয়া নথিপত্র তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে।