রাস্তা বন্ধ পেয়ে পাঞ্জাবের একটি ফ্লাইওভারের ওপর টানা ২০ মিনিট আটকে থাকার পর পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে ফিরে যেতে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটিকে ‘গুরুতর নিরাপত্তা ঘাটতি’ উল্লেখ করে এ জন্য কংগ্রেসশাসিত পাঞ্জাব সরকারকে দায়ী করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বুধবার পাঞ্জাবের হুসাইনিওয়ালায় জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনের কথা ছিল নরেন্দ্র মোদির। এ উদ্দেশ্যে বাথিন্ডা বিমানবন্দরে অবতরণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হয় তাকে। এরপরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় সড়কপথেই হুসাইনিওয়ালায় যাওয়ার সিদ্ধান্ত নেন মোদি। এটি অন্তত দুই ঘণ্টার পথ ছিল। পাঞ্জাব পুলিশের ডিজিপি প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পর রওনা হন ভারতীয় প্রধানমন্ত্রী।