দৌলতদিয়া-পাটুরিয়া ৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, বুধবার রাত থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৪টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি বন্ধ রাখা হয় পরে কুয়াশার ঘনত্ব কমে এলে আজ সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।