হবিগঞ্জে বিদ্যুতের ‘ট্রান্সফরমার চুরি করতে গিয়ে’ ২ যুবকের মৃত্যু

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই যুবক। বৃহস্পতিবার সকালে একজনকে বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় এবং অপরজনের লাশ খুঁটির নিচে পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন অফিসের পাশে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের কোনো এক সময় ওই দুই যুবক বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে পল্লী বিদ্যুতের খুঁটিতে ওঠেন। অজ্ঞতাবশত দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এদের একজনের মৃতদেহ বিদ্যুতের তারেই ঝুলতে থাকে। অপরজন মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঘটনাটি দেখে আজমিরিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে  অবহিত করলে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়া হয়। পরে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের তারে ঝুলন্ত একজনের লাশ নামান।

আজমিরিগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, নিহতরা ট্রান্সফরমার চুরি করতে এসেছিল। তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।