চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক শাহাদাতসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দান, যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে নগর বিএনপির শীর্ষ নেতাসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও কয়েকশ জনকে।

ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ৪৯ জনকে আটক করেছে। তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতে পাঠানো হবে।