সীতাকুন্ডে মোটরসাইকেল-লরি সংঘর্ষে কামরুল হাসান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
বুধবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটস্থ ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকার ফুলতলা মলইপাড়া গ্রামের বাদশা আলমের বাড়ির রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে চড়ে তারা ৩ জন হোটেলে নাশতা করার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত সজিব (২০) ও জাহেদ (২২) নামের অপর দুইজন চিকিৎসাধীন আছেন।