মুরাদের যত নারী বিদ্বেষ

সাবেক তথ্যমন্ত্রী ডা. মুরাদ হাসান আবারও আলোচনায় এসেছেন। বৃহস্পতিবার তার স্ত্রী জাতীয় পরিষেবা ৯৯৯-এ কল করে তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে সহায়তা চান। এর পরে এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডি থানায় মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে জিডি করেন তার স্ত্রী।

চিত্রনায়িকা মাহি: এর আগে এক চিত্রনায়িকার সঙ্গে ‘অশ্লীল’ কথোপকথনের অডিও ফাঁস হয়। পরে ফাঁস হওয়া কথোপকথনটি ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির বলে জানা যায়। ফোনালাপে থাকা চিত্রনায়ক ইমন সেটি স্বীকারও করেছেন। ফাঁস হওয়া ওই কথোপকথনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি তখন ‘টক অব দ্য কান্ট্রি’।

বিএনপির সাবেক নারী এমপি: এর পরে একটি টিভি টকশোতে উপস্থিত বিএনপির একজন সাবেক নারী এমপিকে ‘মানসিক রোগী’ বলে অভিহিত করে তার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হন তিনি।

জাইমা রহমান: চিত্রনায়িকার সঙ্গে অডিও ফাঁসের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের এক সদস্য জাইমা রহমানকে নিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘নারীবিদ্বেষী’ মন্তব্য করেন।

প্রচারিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে হাস্যরস করতে করতে ‘অশালীন’ মন্তব্য করেন তিনি।

চিত্রনায়িকা মৌসুমী: এ ছাড়া চিত্রনায়িকা মৌসুমীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন মুরাদ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তখন ভাইরাল হয়েছিল।