বড় টুর্নামেন্টে আরো একবার চমক দেখাল পুরান ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠল দলটি।
বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে ২-১ গোলে জয় তুলে নেয় রহমতগঞ্জ। ২০১৯-২০ মৌসুমের পর ফের ফেডারেশন কাপের ফাইনালে উঠল দলটি।
ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ডিফেন্ডার রাজীব হোসেন গোল করেন। প্রথমার্ধ এগিয়ে থেকেই শেষ করে সাদা-কালোরা।
তবে ৬৭ মিনিটে ইয়াসমিন মেসিনোভিকি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান।
৭৮ মিনিটে ফিলিপ আজাহর গোল করলে সমতায় ফেরে রহমতগঞ্জ। ম্যাচের যোগ করা সময়ে সানডে চিজোবার গোলে জয় নিশ্চিত হয় দলটির।
আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিংয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ীদের বিপক্ষে শনিবার শিরোপার লড়াইয়ে নামবে রহমতগঞ্জ।