যৌতুক: সাতক্ষীরায় দলিত গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৩

সাতক্ষীরার তালায় দলিত গৃহবধূ শিখারাণী হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তালা উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের অনিল ঋষি (৬০), তার ছেলে মান্দার ঋষি (২০) ও গোবিন্দ ঋষি (৩০)।

বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার র‌্যাব অফিসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে কোম্পানি অধিনায়ক মো. ইশতিয়াক হোসাইন এই তথ্য জানান।

তিনি জানান, পাঁচ বছর আগে পারিবারিকভাবে শিখারাণীকে বিয়ে করে গোবিন্দ ঋষি। বর্তমানে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই গোবিন্দ ঋষি যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করতেন। বিভিন্ন সময় স্থানীয়ভাবে সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। কয়েক দিন আগে স্ত্রী শিখাকে মারপিট করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন।

তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তালা থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার পর আসামিরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদে আসামিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আসামিদের তালা থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গৃহবধূ শিখা হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুধবার সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ করে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষা আন্দোলন।